Home
 
কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি গুলিবিদ্ধ
আজকের কলারোয়া - 12/02/2015
যশোর জেলার শার্শা থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাসহ একাধিক মামলার আসামি কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছির ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটার গান ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে আব্দুল মজিদ কেড়াগাছির ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকায় তার সহযোগীদের নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে অভিযান চালালে উভয়পক্ষের মধ্য গুলিবিনিময় হয়। এতে আব্দুল মজিদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, এ ব্যাপারে শার্শা থানার উপ- সহকারী পরিদর্শক (এএসআই) সোমেন বিশ্বাস জানান, ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কাইবা- বাদামতলা এলাকা থেকে গ্রেফতার হয় ছাত্রদল নেতা আব্দুল মজিদ ও শিবির ক্যাডার শহিদুল ইসলাম। পরবর্তীতে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে একটি থ্রি-হুইলারে করে আসামিদের যশোর আদালতে আনা হচ্ছিল। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজ এলাকায় পৌঁছালে আসামিরা প্রস্রাব করবে বলে অনুরোধ জানায়। পুলিশ আসামিদের অনুরোধে গাড়ি থামালে তারা দৌড় দেয়। এ সময় পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে। তবে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোমেন, কনস্টেবল মাহমুদুর রহমান ও রথীন্দ্রনাথকে লাইনে ক্লোজ করা হয়। শার্শা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সোমেন বিশ্বাস বাদী হয়ে দুই আসামি পালানোর ঘটনায় একটি মামলাও করেন। পালানোর একদিন পর বৃহস্পতিবার রাতে তিনি গুলিবিদ্ধ হলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com