|
প্রভাষক খলিলুর রহমানপরিবারের সদস্যদের দগ্ধ ও হত্যার ঘটনায় গণস্বাক্ষর
আজকের কলারোয়া -
05/11/2014
কলারোয়ায় কলেজ শিক্ষক প্রভাষক খলিলুর রহমানের পরিবারের সদস্যদের উপর পেট্রোল বোমা ছুড়ে হত্যা ও দগ্ধ করার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার শুরু হয়েছে উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত গণস্বাক্ষর কার্যক্রম। শনিবার সকাল ১০ টা থেকে আগামি ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতি সৌধ ‘স্বাধীনতা’র পাদদেশে এ গণস্বাক্ষর গ্রহণ করা হবে। শনিবার প্রথম দিন বিভিন্ন শ্রেণি ও পেশার ৩ শতাধিক ব্যক্তি স্বাক্ষর করে শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির প্রতি সংহতি জানান। গণস্বাক্ষর চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাদ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, কপাই’র সাধারণ সম্পাদক এ্যাড. মেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক মাস্টার দীপক শেঠ, অধ্যাপক কেএম আনিছুর রহমান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। প্রসঙ্গত, গত ৮ অক্টোবর রাতে শেখ আমানুল্লাহ কলেজের দর্শন বিভাগের প্রভাষক খলিলুর রহমানের লাঙ্গলঝাড়া গ্রামের বাড়িতে স্ত্রী ঝর্ণা খাতুন (৩৭), দুই ছেলে তানভীর আসাদ(১৩) ও তামিম আজাদকে(৭) ঘুমন্ত অবস্থায় পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। বোমায় গুরুতর দগ্ধ হয় তার স্ত্রী ও দুই ছেলে। গত ১৪ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছোট ছেলে তামিম আজাদ মারা যায়। একই হাসপাতালে খলিলুর রহমানের স্ত্রী ও বড় ছেলে তানভীর আসাদ বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
|