Home
 
হরতালবাড়লো শুক্রবারসকাল পর্যন্ত
বৃহস্পতিবার গণমিছিল

আজকের কলারোয়া - 03/03/2015
বিএনপি নেতৃত্বাধীন ২০- দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল কর্মসূচি বাড়ানো হয়েছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ গণমিছিল করবে বিরোধী জোট। বিএনপি ও ২০-দলীয় জোটের পক্ষে মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ সব কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘সংবিধান স্বীকৃত সকল মৌলিক ও মানবাধিকার রক্ষা, ভোটাধিকার, জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। বিনাভোটের সরকারকে হটানোর কোনো বিকল্প আজ জনগণের সামনে খোলা নেই।’ বিএনপি মুখপাত্র বলেন, ‘পুলিশি নির্যাতন ও নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যাণে দমন-পীড়নই এখন পতনোন্মুখ সরকারের একমাত্র অবলম্বন। কতিপয় দলকানা গণমাধ্যমের অপপ্রচার ও ১৪ দলীয় আওয়ামী গলাবাজি শেষ বিচারে ক্ষমতায় টিকে থাকার নিঃস্ফল ব্যাকুলতায় পর্যবসিত হবে শিগগিরই।’ সিটি মেয়রদের অপসারণ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে বিরোধী দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি মেয়রসহ অনেক নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের খোঁচায় অপসারণ করেছে। আওয়ামী গণতন্ত্রে এটি নতুন কিছু নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও বাকশালতন্ত্রের বাস্তবায়ন।’ সালাহ উদ্দিন অভিযোগ করেন, ‘এরই অংশ হিসেবে সোমবার রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামলা, গুলি ও ভাঙচুর করে তার মা’কে আহত এবং দু’ভাইকে আটক করা হয়।’ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘দেশে গৃহযুদ্ধ বাঁধানোর পাঁয়তারা বন্ধ করুন। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন।’ ‘গণতন্ত্রের পথে ফিরে আসুন, গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে গণদাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করুন। দেশ ও জাতিকে চরম অনিশ্চয়তা থেকে রক্ষা করে নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিন। দেশে উগ্র ও অগণতান্ত্রিক পন্থার উদয় হলে জাতি আপনাদের ক্ষমা করবে না’ যোগ করেন বিএনপি মুখপাত্র।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com