Home
 
ভারতকে দিনবদলের বার্তা দিতে চান মুশফিক
আজকের কলারোয়া - 09/06/2015
সফরকারী ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি ড্র করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেছেন, ভারত র্যা ঙ্কিংয়ের তিন নম্বর দল বটে, তবে তাদেরও দিতে হবে দিন বদলের বার্তা। মঙ্গলবার দলের অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মুশফিক। গত কটা মাস বাংলাদেশের অর্জন নেহাত কম নয়। সেই অক্টোবরে জিম্বাবুয়ে থেকে শুরু করে গত পাকিস্তান সিরিজ-স্বপ্নের মতোই সময় কাটছে বাংলাদেশ ক্রিকেটের। অবশ্য পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টটাই যা একটু ধাক্কা দিয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে রেকর্ডটা ভালো নয়। সাত টেস্টের একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। টেস্ট অধিনায়ক বললেন, “গত সিরিজে প্রথম টেস্টটা ভালো খেলেছি। দ্বিতীয় টেস্টটা পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে আমরা অবশ্যই জেতার জন্য খেলব। যদি পরিস্থিতি ওভাবে না থাকে, তাহলে অন্তত ড্রয়ের চেষ্টা করব। এটাই আমাদের মূল লক্ষ্য। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আমাদের আছে। যদি সুযোগগুলো কাজে লাগাতে পারি, তবে আশা করি ২০টি উইকেট নিতে পারব। তবে বড় দায়িত্ব পালন করতে হবে ব্যাটসম্যানদের। সর্বশেষ টেস্টে ভালো ব্যাটিং করতে পারিনি। কাজেই ব্যাটসম্যানদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। ফতুল্লার উইকেট সম্পর্কে মুশফিক বলেন, “এই অতিরিক্ত গরম...কেমন উইকেট তৈরি করা হয়েছে...আসলে ক্রিকেটারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সেদিক দিয়ে বলব, কাজটা অনেক কঠিন। তবে সাধ্যমতো নিজেদের সেরাটাই ঢেলে দেবে। উইকেট থেকে সহায়তা পাওয়ার আশা করি। কিন্তু অনেক সময় সেটা পাওয়া যায় না। কোচ বলেছেন, এ উইকেটের চরিত্র ভিন্ন। এখানে আমরা কয়েকটা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি, বিসিএলে কয়েকটা ওয়ানডেও খেলেছি। সে হিসেবে উইকেট সম্পর্কে কিছুটা হলেও জানি। মুশফিক মনে করেন, ফতুল্লাহর উইকেটে প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক হবে। আর প্রথম দিন থেকেই স্পিন ধরবে। কাজেই লড়াইটা হবে স্পিনার বনাম ব্যাটসম্যান। এখানে ধারাবাহিকতা যারা ধরে রাখবে, তারাই জিতবে। সফরকারী ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটিতে নিজেদের পরিকল্পনার বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, “সেশন বাই সেশন খেলতে হবে। নিশ্চয় জানেন, ভারত শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভালো খেলে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কোন পর্যায়ে আছি সেটাও বোঝানো যাবে। বিশেষ করে টেস্টে। অনেক কিছুরই প্রমাণের আছে। ইনশা আল্লাহ কাল থেকে যেন সেটা শুরু হয়। মাথা উঁচু করে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে মুশফিক বলেন, “ ভারত র্যা ঙ্কিংয়ের তিন নম্বর দল হয়েছে তো কী হয়েছে, তাদেরও তো দিতে হবে দিন বদলের বার্তা। এখানে আমাদের জন্য খেলতে কষ্ট হলে ওদের জন্যও কষ্ট হবে। তারা তো আর এলিয়েন নয়! ভারতের বিপক্ষে এর আগে সাতটি টেস্ট খেললেও জয় নেই বাংলাদেশের। ৭টি ম্যাচের রেজাল্টে হার দেখার পাশাপাশি একটি ম্যাচ ড্র দেখেছিল সমর্থকরা। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচেও ১০ উইকেটে হার দেখতে হয়েছিল বাংলাদেশকে। গত ৫ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক বদলেছে এবং এটা প্রমাণ করতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি চ্যালেঞ্জ মনে করছেন টেস্ট অধিনায়ক মুশফিক।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com